মনে কি পড়ে তোমার
নীল দিগন্তে যখন ফুলের আগুন লাগল
তুমি এসেছিলে একগুচ্ছ ফুল নিয়ে
হৃদয় দুয়ার খুলে বিজলি হাসি ঠোঁটে
দুহাত বাড়িয়ে দিয়েছিলে বসন্তের অভিবাদন।
নির্বাক মোহে দ্বিধান্বিত চোখে
বিস্ময়ে কেঁপেছিল আমার হৃদয় মন্দির;
তুমি খিল খিল হেসে, সপ্রতিভ বেশে
বলেছিলে; কি হলো লও অভিবাদন।।
সেই বসন্ত বেলায় স্বপ্ন ছোঁয়া দিগন্ত রেখা
আঁখি পল্লবে মিলেছিলো প্রশান্তির দেখা |
সুখের আবহে উন্মাতাল সমস্ত সত্ত্বায়;
হৃদয় বৃন্তে মেতেছিলো হাজারো সুরের মুর্ছনায়।
রঙ বেরঙের ফুলে ফুলে সেজেছিলো এ ধরা
শত কোকিলের কুহুতানে মুখরিত চারপাশ,
গোধূলিটাও রাঙা ছিলো অপূর্ব রঙে,
তোমাকে পাবার সীমাহীন উচ্ছ্বাস।
মেঘলা আকাশ জুড়ে রোদের ঝিলিক
নিষুতি রাতে জোনাকিরা মেতেছিল জ্যোৎস্না স্নানে,
তারায় তারায় সেজেছিল নীলাবতি আকাশ
অবিরত খুশির ফোয়ারা টুটেছিল আমার প্রাণে।
আজ কত বসন্ত পেরিয়ে যায়
নির্জন প্রহর কাটে শুধু তোমার অপেক্ষায়।
পলাশ ফুলের মালা গাঁথি প্রতি বসন্ত বেলায়
মন শুধু গোপনে কাঁদে তোমার মায়ায়।
হৃদয় জুড়ে অনুভবে তোমার শিহরণ
শূন্য বুকে শুধু জড়ায় অবিরত রক্ত ক্ষরণ।
তুমি ফিরে এসো
চিরযৌবনা বসন্ত আজও তেমনই আছে;
বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠে নতুন জীবনের ঢেউ,
নিসর্গের বর্ণচ্ছটায় প্রকৃতি সাজে রুপে রসে বাঙ্ময়,
সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হয় সবার হৃদয়।
শত কলরবে জেগে উঠে প্রকৃতি ও মানুষ
আলোর নাচনে হৃদয় উচাটনে মন দোলে,
আর নিঃসঙ্গ আমি একা একা
তোমার অপেক্ষায় বিষন্নতার ছায়াতলে।
এসো হারিয়ে যাবো ঐ দূর দিগন্তে
বসন্ত দূতের আগমনী গানের সুর ধরে
যেথায় তুমি আমি দুইয়ে মিলে এক হবো
নতুন জীবনের গল্প রচিব।
এসো তুমি আগের মতো এই বসন্ত বেলায়
আজও আছি আমি সতত তোমারই অপেক্ষায়।

